সহজে এবং দ্রুত জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের গেটওয়ে "
porichoy .gov .bd " উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। এসমং জনগণের তথ্যসমৃদ্ধ একটি জাতীয় ডাটাবেজ তৈরির জন্য নির্বাচন কমিশন ও আইসিটি বিভাগকে ধন্যবাদ জানান তিনি।
আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে বুধবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়।
এসময় আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, এটুআই-এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, সরকারি সেবাগুলো সহজে ও দ্রুততম সময়ে জনগণের মাঝে পৌঁছে দিতে চাই আমরা। আর সে লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের টার্গেট প্রায় ৯০ শতাংশ সরকারি সেবা মানুষের মোবাইলে থাকবে; আঙ্গুলের সামনে থাকবে।
এর আগে সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে সরকার বিভিন্ন ধরনের নাগরিক সেবাকে ডিজিটাল করছে। তেমনই এক যুগান্তকারী সেবা হচ্ছে ‘পরিচয়’। দীর্ঘদিন ধরেই তার নেতৃত্বে ‘পরিচয়’ নিয়ে কাজ করছিলাম আমরা। আজ সেটি সবার জন্য উন্মুক্ত হলো।